নরসিংদীর শিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোমবার (১৫ জুন) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আবু তাহের শিবপুরী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “বিএনপির এক সংসদ সদস্য সংসদে নিকাব পরিহিত নারী সদস্যদের নিয়ে কটাক্ষ করেছেন। এ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।” এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হলো দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। একদিন না একদিন এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবেই।”
কর্মশালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা ও শিবপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







