দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অবহিত করা হয়।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুদক। অভিযোগগুলোর তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেনি। ফলে গ্রেপ্তারের পরবর্তী আইনি প্রক্রিয়া ও সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।







