যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন নামে এক গ্রাম্য চিকিৎসককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আলামিন হোসেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলামিন হোসেনের দ্বিতীয় বিয়ে নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







