নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা-এ আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপনের পথে এগোচ্ছে থানা পুলিশ। ওসি কামাল হোসেন যোগদানের পর থেকে থানার কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে আসার প্রথম দিনেই সিসিটিভি ফুটেজ দেখে শেখেরচর এলাকায় ডাকাতি হওয়া আসামীদের গ্রেফতার করে,সাধারণ মানুষের নজর কেড়েছেন।
একসময় যেখানে মানুষ থানামুখী হতে দ্বিধা করতেন, এখন সেখানে সাধারণ মানুষ নিজ উদ্যোগেই ভরসা নিয়ে থানায় আসছেন। সেবামুখী মনোভাব, দ্রুত প্রতিক্রিয়া এবং পেশাদারিত্বের কারণে থানার প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের অপরাধ দমনে বদ্ধপরিকর ছিল মাধবদী থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়।
দেশজুড়ে আলোচিত আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায়, যখন সর্বমহল উত্তাল ছিল, তখন ওসি কামাল হোসেনের নেতৃত্বে মাধবদী থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। স্বল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতারসহ কার্যকর ভূমিকা রাখায় তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।
এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু দায়িত্ব পালন নয়, এমনভাবে দায়িত্ব পালন করা যাতে মানুষ তা মনে রাখে। আমরা চাই মাধবদী থানা-কে একটি আদর্শ থানায় রূপান্তর করতে। জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও জানান, জনগণের এই বিশ্বাস ধরে রেখে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ওসি কামাল হোসেন একজন ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তা। তিনি এর আগে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, মাধবদী থানা পুলিশের কার্যক্রমে যে স্বচ্ছতা, দৃঢ়তা ও পেশাদারিত্ব দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে। অনেকেই মনে করছেন, মাধবদী থানা আগামী দিনে দেশের নিরাপত্তা ব্যবস্থায় একটি মডেল উদাহরণ হয়ে উঠতে পারে।







