নরসিংদী: নরসিংদী জেলার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাত জাহান কেয়া। তিনি গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে জেলার ২২তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নরসিংদী জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।
ইসরাত জাহান কেয়া বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তার মতে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে আধুনিক ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নরসিংদীর সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলায় উন্নয়ন, সুশাসন এবং জনসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।







