ঝিনাইদহে নাসিরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ - NCB News24
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ঝিনাইদহে নাসিরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ

    আজহারুল ইসলাম জাহিদ
    মে ২২, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ


    ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে দাবি করেছে দলটি।

    শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের জেলা কালেক্টর মসজিদ এলাকা এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে।

    স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে কয়েকজন বিক্ষোভ শুরু করে। এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দেওয়া হলে পরিস্থিতি একপর্যায়ে উত্তেজনাকর হয়ে ওঠে। পরে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

    ঘটনার বিষয়ে এনসিপির নেতাকর্মীরা দাবি করেন, ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে অবস্থানকালে জুমার নামাজ শেষে বের হওয়ার পর পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে মারধর করা হয়।

    তার ভাষ্য অনুযায়ী, হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং অন্তত তিনজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

    ঘটনার পর এনসিপির নেতারা থানায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

    এদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন।