পাবনার চাটমোহরে হাট–বাজার ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামীর দুই নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ইজারা প্রক্রিয়া চলাকালে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের অধীনে বিভিন্ন হাট–বাজার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। একই দিনে বিকেলে দরপত্র উন্মুক্ত করার কথা ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব নিজ এলাকার একটি হাটের জন্য দরপত্র জমা দিতে ইউএনও কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে তিনি হামলার শিকার হন বলে দাবি করা হচ্ছে। একই সময়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান ব্যক্তিগত দাপ্তরিক কাজ শেষে ইউএনওর কক্ষ থেকে বের হওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। হাবিবুর রহমান অভিযোগ করেছেন যে, তিনি দরপত্র প্রক্রিয়ার সঙ্গে জড়িত না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু বিষয়টি নিয়ে ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্যমতে, টেন্ডার জমা দেওয়ার সময় প্রশাসনের কার্যালয়ে জামায়াত নেতাদের উপস্থিতি দেখে স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন, যা পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রূপ নেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাবনা–৩ আসনের জামায়াত মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজগর দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়ার সময় নিরাপত্তা বজায় রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। তবে এর মধ্যেও কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা তিনি খতিয়ে দেখছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানিয়েছেন যে, এ বিষয়ে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।







