এবার পুনর্নির্বাচনের দাবি হাতপাখার প্রার্থীর - NCB News24
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    এবার পুনর্নির্বাচনের দাবি হাতপাখার প্রার্থীর

    admin
    ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ


    নোয়াখালী-১ আসনের নির্বাচনে অনিয়ম এবং অভিযোগ গ্রহণে গড়িমসির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম।

    তিনি জানান, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এছাড়া তার ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সাধারণ ডায়েরি (জিডি) নিতে বিলম্ব করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    জহিরুল ইসলাম বলেন, নির্বাচনের আগের রাত থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত থানায় তাদের কোনো অভিযোগ গ্রহণ করা হয়নি। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনও অনুপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

    তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। বিষয়টি থানায় জানানো হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেননি।

    প্রার্থীর দাবি, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম, ভোটারদের বাধা প্রদান এবং ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা যথাযথ গুরুত্ব দেয়নি।

    জহিরুল ইসলাম বলেন, নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য করতে হলে সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। প্রয়োজনে পুরো আসনে পুনর্নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান।

    এ দিকে সোনাইমুড়ী থানার ওসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।