রাজধানীর গুলিস্তান এলাকায় রাস্তার পাশে দুটি কাটা হাত পাওয়া গেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আঙুলের ছাপ শনাক্ত করে পুলিশ নিশ্চিত করেছে, হাতগুলো নরসিংদীর বাসিন্দা ওবায়দুল্লাহ (৩০) নামের এক যুবকের।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মধ্যবর্তী এলাকা থেকে হাত দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
ওসি মোস্তফা কামাল খান বলেন, নিহতের দেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে কিভাবে কাটা হাতগুলো গুলিস্তানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশের অভিযান চলছে।







