ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা: শিক্ষার্থীদের ১১ দফা দাবি উপস্থাপন - NCB News24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা: শিক্ষার্থীদের ১১ দফা দাবি উপস্থাপন

    মোঃ হাদিসুর রহমান
    এপ্রিল ১৫, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
    ছবি: সংগৃহীত


     

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

     

    সভায় বক্তারা বলেন, বহুল প্রতীক্ষার পর প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন শিক্ষার্থীদের একমাত্র পরিচয় এবং গর্বের জায়গা। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যারা দীর্ঘদিন পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     

    শিক্ষার্থীরা জানান, এতদিন তারা কার্যত অভিভাবকহীন অবস্থায় ছিলেন। নানা সমস্যা থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে তুলে ধরার সুযোগ পাননি। তবে নতুন উপাচার্যের যোগদানের মাধ্যমে তারা একটি শক্তিশালী নেতৃত্ব ও দিকনির্দেশনা পেয়েছেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

     

    উপাচার্যের প্রতি শিক্ষার্থীরা আস্থা রেখে বলেন, তাঁর দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একদিন দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি তারা দ্রুত সমস্যার সমাধান ও একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

     

    সভায় শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছাকিব মাহমুদ নাবিদ ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

     

    প্রতিটি ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম সমন্বয়ের জন্য “উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর” নিয়োগ

    বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একাডেমিক পরিচয় প্রতিষ্ঠা এবং সব নথিতে নাম সংযুক্তি নিশ্চিতকরণ

    শিক্ষার্থীদের জন্য অভিন্ন আইডি কার্ড প্রদান

    সেশনজট নিরসনে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা ও ফলাফল প্রকাশ

    পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন ও শিক্ষক সংকট নিরসন

    আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক কারিকুলাম প্রণয়ন

    সহশিক্ষা কার্যক্রম জোরদার করা

     

    এছাড়া সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিশেষভাবে কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— ক্লাসরুম সংকট, পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় কিছু বিভাগে একাডেমিক আগ্রহের অভাব, যাতায়াতের জন্য বাস সার্ভিসের অভাব এবং আবাসন সুবিধার ঘাটতি। এসব সমস্যার দ্রুত সমাধান দাবি করেন তারা।

     

    সভায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরার কথাও জানান।

     

    সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি না দেখলে সমস্যার গভীরতা বোঝা সম্ভব নয়। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

     

    উপাচার্য আরও আশ্বাস দেন, শিক্ষার্থীদের পরিচয় সংকট নিরসনে দ্রুত আইডি কার্ড প্রদান, ভর্তি প্রক্রিয়া চালু, সেশনজট নিরসন এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

     

    সভায় বক্তারা আশা প্রকাশ করেন, উপস্থাপিত দাবিসমূহ বাস্তবায়িত হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি আধুনিক, সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে। একইসঙ্গে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে সক্ষম হবে।