শিক্ষার ভিত্তি মজবুত ও দুর্নীতি দমনে 'জিরো টলারেন্স' ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের - NCB News24
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    শিক্ষার ভিত্তি মজবুত ও দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

    এনসিবি ডেস্ক
    ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
    আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত


    আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার শক্ত ভিত্তির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৫২ সালের সেই সংগ্রাম কেবল একটি ঐতিহাসিক ঘটনা ছিল না, বরং তা ছিল বাঙালির মৌলিক অধিকার আদায়ের এক অবিনাশী প্রতীক। ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালির আত্মত্যাগ স্মরণ করে তিনি উল্লেখ করেন, ইতিহাস এটাই প্রমাণ করে যে ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতিই নিজেদের অধিকার অর্জন করতে পারেনি।

    শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করে ববি হাজ্জাজ বলেন, একটি মজবুত ভবনের জন্য যেমন শক্তিশালী ভিত্তি প্রয়োজন, রাষ্ট্রের ক্ষেত্রেও শিক্ষা সেই ভূমিকা পালন করে। ভিত্তি দুর্বল রেখে উন্নয়নের বড় বড় ইমারত গড়ে কোনো দীর্ঘমেয়াদী লাভ হবে না। শিক্ষার মানোন্নয়নে তিনি তিনটি বিশেষ দিক— কারিকুলাম, ক্লাসরুম এবং কনসিস্টেন্সি বা সামঞ্জস্যের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, আধুনিক পাঠ্যক্রম, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান এবং সারা দেশে শিক্ষার মানের সমতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

    দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসার প্রমাণ কেবল স্লোগান বা আন্দোলনে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর প্রতিফলন ঘটাতে হবে কর্মক্ষেত্রে। শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই মেধাভিত্তিক সমাজ গঠন সম্ভব। একটি দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।