নরসিংদীর বেলাবো উপজেলায় মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ জন নারী ও ১ জন পুরুষকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। আদালত সূত্রে জানা যায়, আটককৃতরা মাদকদ্রব্য সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বেলাবো থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নাসির উদ্দীনসহ পুলিশ ও আনসার সদস্যরা।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







