নরসিংদীর বেলাব উপজেলার বেলাব বাজারে মরহুম শমশের আলী ভূঁইয়া সাহেবের একটি ঘরে তালা ঝুলানোকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, মরহুম শমশের আলী ভূঁইয়া বেলাব থানা প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে বেলাব থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়েও তিনি একজন যুবনেতা হিসেবে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া তিনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল জিয়াদ মূসা এক লিখিত বক্তব্যে দাবি করেন, মরহুম শমশের আলী ভূঁইয়ার বিরুদ্ধে এলাকায় নির্যাতন বা অনিয়মের কোনো নজির নেই। তার মতে, এমন একজন সম্মানিত ব্যক্তির বেলাব বাজারস্থ ঘরে তালা ঝুলিয়ে রাখা অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি ধারণা প্রকাশ করেন, একটি অতিউৎসাহী মহল নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকতে পারে।
এ বিষয়ে তিনি বেলাব উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উক্ত ঘরের তালা খুলে দেওয়ার দাবি জানান।







