মায়ের স্বপ্ন পূরণে পালকিতে বউ এনে ইতালি প্রবাসী ব্যতিক্রমী আয়োজন - NCB News24
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    মায়ের স্বপ্ন পূরণে পালকিতে বউ এনে ইতালি প্রবাসী ব্যতিক্রমী আয়োজন

    admin
    মার্চ ৩০, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ


    নিজস্ব প্রতিবেদক: আধুনিকতার ছোঁয়ায় যখন গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময় মায়ের একটি ছোট্ট ইচ্ছাকে বড় করে দেখলেন ইতালি প্রবাসী যুবক রাসেল মিয়া। চার বেহারার কাঁধে পালকিতে করে নববধূকে বাড়িতে তুলে তিনি এলাকায় সৃষ্টি করেছেন ব্যতিক্রমী এক আবহ।

    জানা গেছে, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি মধ্যপাড়া পশ্চিমপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরে পারিবারিকভাবে স্বর্ণা আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

    দীর্ঘদিন ধরেই রাসেল মিয়ার মা একটি ইচ্ছা লালন করছিলেন—ছেলের বউকে ঐতিহ্যবাহী পালকিতে করে ঘরে তুলবেন। মায়ের সেই স্বপ্ন পূরণে আধুনিক আয়োজনকে পাশ কাটিয়ে গ্রামীণ ঐতিহ্যের এই বিশেষ আয়োজন বেছে নেন রাসেল।

    বিয়ের দিন চারজন বেহারার কাঁধে পালকিতে করে নববধূ স্বর্ণা আক্তারকে শ্বশুরবাড়িতে আনা হয়। এমন দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় শতাধিক মানুষ। অনেকেই মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

    স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন খুব একটা চোখে পড়ে না। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ একদিকে যেমন আনন্দের জন্ম দিয়েছে, অন্যদিকে পুরনো দিনের ঐতিহ্যের স্মৃতিও ফিরিয়ে এনেছে।
    বরের এক বন্ধু জানান, “পালকিতে করে বউ আনার দৃশ্য এতদিন শুধু সিনেমায় দেখেছি, আজ বাস্তবে দেখলাম।”

    এ বিষয়ে রাসেল মিয়া বলেন, “মায়ের ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। তার মুখে হাসি ফোটাতেই এই আয়োজন করেছি।”

    গ্রামবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে এবং শেকড়ের টান মনে করিয়ে দেয়।