সুপ্রিম লিডার হয়েই মোজতবা খামেনির কঠোর বার্তা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা - NCB News24
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    সুপ্রিম লিডার হয়েই মোজতবা খামেনির কঠোর বার্তা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

    এনসিবি প্রতিবেদক কাউসার
    মার্চ ৯, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ


    ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই শক্ত অবস্থানের ইঙ্গিত দিলেন মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।বিবিসির লাইভ আপডেটেও বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে সোমবার ৯ মার্চ ইরান প্রথম দফায় ইসরায়েলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

    এদিকে আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে। সেখানে ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা ছিল, “আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।”

    বিশ্লেষকদের মতে, নতুন নেতার এই সামরিক পদক্ষেপ তেহরানের প্রচলিত পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

    অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নিয়োগ নিয়ে এখনও প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কথা বলতে তিনি অনীহা প্রকাশ করেছেন। টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনের বরাতে সোমবার ৯ মার্চ আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের নতুন এই নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “দেখা যাক কী হয়।”

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, যুদ্ধের অবসান হবে একটি “পারস্পরিক” সিদ্ধান্তের মাধ্যমে এবং সে বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।

    ট্রাম্প বলেন, “আমি মনে করি বিষয়টি পারস্পরিক… কিছুটা হলেও। আমাদের কথা হচ্ছে। আমি সঠিক সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, তবে সবকিছুই বিবেচনায় রাখা হচ্ছে।”

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছে।