নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন মৌসুমি ফল তুলে দেন। ফলের ঝুড়ি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের সবার। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করা। জেলা প্রশাসন সবসময় এসব শিশুর কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ফল উৎসব শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে জমির চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উৎসাহিত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







