নরসিংদীতে কিশোরী আমিনা হত্যা: প্রধান আসামিসহ আরও দুইজন গ্রেপ্তার, মোট আটক ৭ - NCB News24
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে কিশোরী আমিনা হত্যা: প্রধান আসামিসহ আরও দুইজন গ্রেপ্তার, মোট আটক ৭

    এনসিবি ডেস্ক
    ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
    প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ গ্রেপ্তার | ছবি : সংগৃহীত


    নরসিংদীর আলোচিত কিশোরী আমিনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে গাজীপুরের মাওনা ও ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে এই চাঞ্চল্যকর ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। এজাহারে উল্লেখিত নয়জন আসামির মধ্যে চারজন সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত এবং তিনজন সালিশি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বাকি দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রধান আসামি নূরা গ্রেপ্তার এড়াতে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে পৌঁছানোর আগেই তাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।

    জানা গেছে, গত বুধবার রাতে আমিনাকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    শুক্রবার গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী ১ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এদিকে প্রধান আসামি নূরা ও হযরত আলীকেও একই মেয়াদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।