আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী মোঃ বাবুল সরকার।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নরসিংদী শহরের সেবা সংঘ মোড় থেকে শুরু করে দেশপ্রিয় রোড, মধ্য কান্দাপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে তিনি গণসংযোগ পরিচালনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে নিজের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে বাবুল সরকার বলেন, দীর্ঘদিন ধরে তিনি নরসিংদী শহরের উন্নয়ন, ব্যবসায়ী সমাজের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য, মোঃ বাবুল সরকার নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী বাজার বণিক সমিতির চারবারের সভাপতি, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দুইবারের সাবেক পরিচালক এবং সামাজিক সংগঠন ‘সামাজিক আন্দোলন’ নরসিংদীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণসংযোগে তাঁর সমর্থক, শুভানুধ্যায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী পরিবেশ, নাগরিক সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মেয়র প্রার্থী বাবুল সরকার।







