ইডেন মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত - NCB News24
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ইডেন মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

    এনসিবি ডেস্ক
    ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
    শিক্ষার্থীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ | ছবি : সংগৃহীত


    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইডেন মহিলা কলেজে নানা কর্মসূচি ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আবাসিক হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে এক শোকাতুর ও গর্বিত পরিবেশের সৃষ্টি হয়।

    পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এহছানি খানম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। বক্তারা তাঁদের আলোচনায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালির অনন্য আত্মত্যাগের বীরত্বগাথা তুলে ধরেন।

    সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হোসনে আরা পারভীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন তখনই সম্ভব হবে, যখন তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো যাবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মাতৃভাষা সম্পর্কে সঠিক ও গভীর জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই একুশের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

    কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, একুশের এই অবিনাশী চেতনা নতুন প্রজন্মকে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার পথে নিরন্তর অনুপ্রেরণা জোগাবে। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।