ইফতার আয়োজনকে ঘিরে শোকজ: নিজের অবস্থান জানালেন শেখ তানভীর বারী হামিম - NCB News24
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    ইফতার আয়োজনকে ঘিরে শোকজ: নিজের অবস্থান জানালেন শেখ তানভীর বারী হামিম

    এনসিবি ডেস্ক
    ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
    শেখ তানভীর বারী হামিম | ছবি : সংগৃহীত


    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া শোকজ নোটিশ প্রসঙ্গে মুখ খুলেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

    হামিম জানান, রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজ নোটিশ দেখতে পান, যেখানে তার নাম উল্লেখ করা হয়েছে। তবে কেন তাকে শোকজ করা হয়েছে, সে বিষয়ে তখনও তিনি স্পষ্ট ধারণা পাননি বলে দাবি করেন।

    নোটিশটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে তার কাছে ফোন ও বার্তা আসতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং দেশের বিভিন্ন স্থানের ছাত্রদলের নেতাকর্মীরা শোকজের কারণ জানতে চাইছেন বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানতে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, দপ্তর সম্পাদক নিজেও নির্দিষ্ট কারণ জানেন না এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে নোটিশটি দেওয়া হয়েছে বলে জানান।

    পরবর্তীতে তিনি জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করেই এ শোকজ। ওই আয়োজনের বিষয়ে হামিম বলেন, সেখানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয় এবং প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।

    তিনি দাবি করেন, ছাত্রদলের প্রতি দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেছিলেন। অতীতে ডাকসু নির্বাচনে সংগঠনের মনোনয়ন পেয়ে অংশগ্রহণের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।

    শোকজ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হামিম। তার অভিযোগ, ব্যক্তিগতভাবে কোনো চিঠি না পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ প্রকাশ করা হয়েছে। এ কারণে তিনি লিখিত জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার বক্তব্য, আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রাপ্ত না হলে লিখিত জবাব দেওয়ার বাধ্যবাধকতা নেই।

    শেষে তিনি বলেন, যদি সংগঠনের নেতাকর্মীরা মনে করেন তার কর্মকাণ্ড ভুল ছিল, তবে সে দায় তিনি স্বীকার করতে প্রস্তুত। আর যদি মনে করেন তার সঙ্গে অন্যায় হয়েছে, সেটিও তাদের বিবেচনার ওপর ছেড়ে দিলেন। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড়—এই অবস্থান পুনর্ব্যক্ত করে বক্তব্য শেষ করেন তিনি।