দেশের বিভিন্ন অঞ্চলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষামূলক প্রযুক্তিগত কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ডিরেজিস্ট্রেশনবিহীন বা নিবন্ধনহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত এনইআইআর (NEIR) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব গ্রাহক নিবন্ধন ছাড়া হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে সংযোগ হ্যান্ডসেট থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।







