নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুমেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মহম্মদ আল কাসমিয়ার অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে তার পুকুরে গভীর রাতে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। সকালে উঠে তিনি দেখেন পুকুরজুড়ে ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুমেন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। অতীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও জানান স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্য, “মুমেনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার অপকর্মে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, ভুক্তভোগী পক্ষ বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশা, দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।







