নরসিংদীতে জমে উঠেছে পশুর হাট, কুরবানীর আমেজে মুখরিত সবাই - NCB News24
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    নরসিংদীতে জমে উঠেছে পশুর হাট, কুরবানীর আমেজে মুখরিত সবাই

    আজহারুল ইসলাম জাহিদ
    মে ২৩, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ


    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া পশুর হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা। জেলার অন্যতম বৃহৎ এই পশুর হাট এখন কুরবানির আমেজে মুখর হয়ে উঠেছে।

    প্রতি শনিবার নিয়মিত বসা এই হাটে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তসহ দূর-দূরান্ত থেকে গবাদিপশু নিয়ে হাজির হন বিক্রেতারা। একইসঙ্গে পছন্দের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারাও। হাটজুড়ে রয়েছে দেশি-বিদেশি ও উন্নত জাতের গরুর বিশাল সমাহার। পাশাপাশি মহিষ, ছাগল ও খাসির সারিও নজর কাড়ছে সবার।

    দিন বাড়ার সঙ্গে সঙ্গে হাটে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে শুধু পশু দেখতে ও দাম যাচাই করতে এসেছেন। পুরো হাট এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

    তবে বিক্রেতাদের ভাষ্য, হাটে মানুষের ভিড় থাকলেও কাঙ্ক্ষিত বেচাকেনা এখনো শুরু হয়নি। বেশিরভাগ ক্রেতাই আপাতত দাম যাচাই করছেন, চূড়ান্ত কেনাকাটায় আগ্রহ তুলনামূলক কম। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, বেচাকেনাও তত বাড়বে বলে আশা করছেন তারা।

    স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও পুটিয়া হাট কুরবানির পশুর অন্যতম বড় ও জনপ্রিয় বাজার হিসেবে ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠেছে।

    এদিকে ঈদ উপলক্ষে বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী বুধবারও পুটিয়া হাটে বিশেষ পশুর হাট বসবে বলে জানা গেছে।