নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বিগত মাসের জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
বিশেষভাবে মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানবপাচার প্রতিরোধ, হত্যাকাণ্ড ও রাহাজানি নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।







