নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩টার দিকে পরিচালিত এ অভিযানে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯৪ ধারায় অভিযুক্তদের প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— জজ মিয়া (৪২), ঈমান হোসেন (২২), ইকবাল (৩০), সাগর (২০) ও তানভীর (১৯)।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট নারীদেরকে সতর্ক করে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার (এসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক শালীনতা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।







