বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাজীবী সংগঠন ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রিসোর্টে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভার এই আয়োজনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে রাফিদ বিল্লাহকে আহ্বায়ক এবং সুজন শর্মাকে সদস্য সচিব করে একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হেড অব মাল্টিমিডিয়া অমিত হাসান রবিন, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর-এর হেড অব ডিজিটাল জাকারিয়া ইবনে ইউসুফ এবং কিডস ক্রিয়েশন টিভির ব্রডকাস্ট ইনচার্জ হাবিবুল্লাহ সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের প্রতিটি সংবাদ ও কন্টেন্ট উপস্থাপনায় ভিডিও এডিটরদের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন, একজন ভিডিও এডিটরের সৃজনশীল শ্রম ও মেধার মাধ্যমেই একটি সংবাদ বা প্রতিবেদন পূর্ণতা পায়।
তাই আধুনিক সাংবাদিকতার এই চ্যালেঞ্জিং সময়ে গণমাধ্যমে ভিডিও এডিটরদের কাজের যথাযথ মূল্যায়ন এবং মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন এই সংগঠনের হাত ধরে ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ের পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।







