যশোরে ভেজাল দুধ তৈরির কারখানা, পাঁচজন আটক - NCB News24
ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  • আজকের সর্বশেষ সবখবর

    যশোরে ভেজাল দুধ তৈরির কারখানা, পাঁচজন আটক

    এনসিবি প্রতিবেদক কাউসার
    মার্চ ৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ


    যশোর: যশোরের কেশবপুরে অবৈধভাবে দুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছেন র‌্যাব সদস্যরা। উপজেলার পাঁজিয়া গ্রামে পরিচালিত এক অভিযানে এ কারখানার সন্ধান পান তারা।

    সোমবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটকরা হলেন পাঁজিয়ার স্বপন ঘোষ (৫৮), রাম প্রসাদ ঘোষ (২৯), বুদ্ধদেব ঘোষ (২৮), অরুপ ঘোষ (২৭) এবং পার্থ ঘোষ (১৯)।

    জব্দ করা দুধ তৈরির পণ্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।

    র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বলেছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে দুধ তৈরির কার্যক্রম চলছিল বলে সন্দেহ করা হচ্ছিল।

    তিনি বলেন, বিভিন্ন রাসায়নিক উপাদান ও নিম্নমাণের উপকরণ ব্যবহার করে কৃত্রিম দুধ তৈরি করে তা বাজারজাত করা হতো। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-৬ যশোরের একটি দল অভিযান পরিচালনা করে।

    ভেজাল দুধ তৈরির বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়েছে ওই কারখানা থেকে

    অভিযানের সময় কারখানার ভেতর থেকে দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুত করা দুধের নমুনা জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

    মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স আরো বলেছেন, ‘কেশবপুরে এখনো ( বিকেল ৪টা পর্যন্ত) অভিযান চলছে। সেখানে গুড়ো দুধ, তরল দুধ এবং দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।