চট্টগ্রামের ফটিকছড়িতে কোরবানির হাটে বিক্রির জন্য আনা এক লাখ টাকা মূল্যের একটি গরু বজ্রপাতে মারা গেছে। মুহূর্তেই ভেঙে যায় মাদ্রাসা ছাত্র মো. রিয়াদের কোরবানির ঈদ ঘিরে সাজানো সব স্বপ্ন।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের চামারদিঘি অস্থায়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাইন্দং ইউনিয়নের আবু হানিফা বাড়ির মাদ্রাসাছাত্র মো. রিয়াদ দীর্ঘদিন ধরে কষ্ট করে গরুটি লালন-পালন করেছিলেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা লাভের আশায় গরুটি বিক্রির জন্য হাটে আনেন তিনি। হাটে ক্রেতারাও গরুটির দাম প্রায় এক লাখ টাকা পর্যন্ত হাঁকাচ্ছিলেন।
কিন্তু হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এসময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় থাকা গরুটির ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই সেটি মারা যায়। চোখের সামনে নিজের লালন-পালন করা গরুর এমন মৃত্যু দেখে ভেঙে পড়েন রিয়াদ।
গরুর মালিক রিয়াদ বলেন, “অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছি। ভালো দামে বিক্রি হবে ভেবেছিলাম। কিন্তু বজ্রপাতে সব শেষ হয়ে গেল।”
ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন জানান, প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ না থাকলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।







