নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার ৮ নং ওয়ার্ডে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আলোচনায় উঠে আসছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার বাদশা। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর কাছে আস্থা অর্জন করায় তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় স্থানীয় জনগণ।
জানা যায়, গত কয়েকদিন ধরেই ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে লিফলেট ও পোস্টার লাগিয়ে আবুল বাশার বাদশাকে কাউন্সিলর পদে দেখতে চাওয়ার কথা জানাচ্ছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
রাজনৈতিক জীবনে আবুল বাশার বাদশা নানা সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে গত ১৭ বছর যখন তার দল ক্ষমতার বাইরে ছিল, তখন তাকে জেল-জুলুমসহ নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলের নীতি-নৈতিকতার বাইরে না গিয়ে রাজনীতি ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন তিনি। এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পরিবারের কাছে নীরবে সাহায্য পৌঁছে দেন। তবে এসব কর্মকাণ্ড তিনি প্রচারের আলো থেকে দূরে থেকেই করে থাকেন।
এ বিষয়ে আবুল বাশার বাদশার সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে চান, তাহলে ইনশাআল্লাহ আমি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবো।”
এলাকাবাসীর মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় এবং সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো যায়—এমন একজন জনপ্রতিনিধি হিসেবে আবুল বাশার বাদশা ৮ নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা।







