ঈদের আনন্দ আর নতুন জামার হাসি নিয়েই শহরে এসেছিল তারা। কিন্তু সেই হাসি মুহূর্তেই পরিণত হয় শোকে। নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক মা ও তার শিশু সন্তান।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশনে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সাথী বেগম (২৭) ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন।
নিহতরা নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা। সাথী বেগম স্থানীয় দিনমজুর সুজন মিয়ার স্ত্রী।
স্বজনরা জানান, সংসারের অভাব-অনটনের মাঝেও সন্তানদের মুখে ঈদের হাসি ফোটাতে বুধবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে শপিং করতে আসেন সুজন মিয়া। কখনো ইজিবাইক চালিয়ে আবার কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে দুই শিশুর জন্য নতুন জামা-কাপড় কিনেছিলেন।
শপিং শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মা ও শিশু সন্তান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের নতুন জামা আর ঘরে পৌঁছানো হলো না ছোট্ট সাফওয়ানের, আর সন্তানের হাত ধরে বাড়ি ফেরাও হলো না মা সাথী বেগমের।







